নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উদ্যোগে দুপচাঁচিয়া থানাধীন সিও অফিস এলাকায় ব্যাপক মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) সন্ধ্যার পরপরই ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় শুরু হয় এই সচেতনতামূলক কার্যক্রম। পথচারী, দোকানদার, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাতে হাতে মাদকবিরোধী বার্তা সম্বলিত লিফলেট তুলে দেন ডিএনসি সদস্যরা। এ সময় উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি কথা বলে মাদকের ভয়াবহতা ও এর সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম নিয়মিত হলে এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রবণতা কমবে। তারা প্রশাসনের এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের একার নয়—সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়।”
তিনি আরও জানান, বগুড়া জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, সভা ও প্রচারণা চালানো হচ্ছে।
ডিএনসি বগুড়া জেলার পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।