নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ার আদমদিঘী উপজেলায় ব্যাপক মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএনসি বগুড়া কার্যালয়ের উদ্যোগে আদমদিঘী থানাধীন সান্তাহার হবিরমোড়, ছাতিয়ান গ্রাম এবং আদমদিঘী বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিটি উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় বাস্তবায়িত হয়।
প্রচারণাকালে ডিএনসি কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং আইনি শাস্তি সম্পর্কে সচেতন করেন। লিফলেটে মাদকের অপকারিতা, প্রতিরোধের উপায় এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশনাও তুলে ধরা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার
উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযান যথেষ্ট নয়, এ বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।” তিনি আরও জানান, ডিএনসি বগুড়া নিয়মিতভাবে চেকপোস্ট, টহল ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা ডিএনসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এমন প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন।
ডিএনসি বগুড়া সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান ও সচেতনতা কার্যক্রম একযোগে পরিচালনার মাধ্যমে জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।