1. admin@dainikrajshahirkhobor.com : admin :
স্কুল ব্যাগে ‘ফেয়ারডিল’ পাচার! - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

স্কুল ব্যাগে ‘ফেয়ারডিল’ পাচার!

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার অভিযানে শিবগঞ্জে স্কুল ব্যাগে করে কোডিনযুক্ত মাদক ‘ফেয়ারডিল’ পাচারের সময় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার ওপর দিনাজপুর থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বাস থেকে নেভি ব্লু রঙের একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

তল্লাশিতে দেখা যায়, পুরাতন তোয়ালায় মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতরে রাখা ছিল কোডিনযুক্ত মাদক ‘ফেয়ারডিল’-এর ২০ বোতল। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন রেডমি কোম্পানির স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক মানিকগঞ্জ জেলার সদর থানাধীন কায়েমতারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল মারুফ (১৯)।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিষিদ্ধ দ্রব্য পরিবহনের চেষ্টা করছে। স্কুল ব্যাগ ব্যবহার করে কোডিন ফসফেট পাচারের এই ঘটনা তারই প্রমাণ। তবে আমাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া চালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd