নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) অভিযানে জেলার আদমদিঘী থানাধীন হবিরমোড়, শরীফ এগ্রো মিল ও ছাতিয়ানগ্রাম এলাকায় সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের যাচাই-বাছাই করা হয় এবং মাদক পরিবহন সংক্রান্ত বিষয়ে চালক ও যাত্রীদের সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে, যা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে ডিএনসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
তিনি আরও বলেন,“বগুড়া জেলার কোনো এলাকা মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ থাকবে না। আইন প্রয়োগের পাশাপাশি আমরা জনসচেতনতা তৈরির ওপর জোর দিচ্ছি। সাধারণ জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলে খুব দ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
উপপরিচালক জিললুর রহমান জানান, নিয়মিতভাবে জেলার বিভিন্ন প্রবেশপথ, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপন রাখার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে ডিএনসিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ অভিযান জনস্বার্থে চলমান থাকবে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম আরও জোরদার করা হবে।