1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ধর্মীয় মঞ্চে মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ধর্মীয় মঞ্চে মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। এরই অংশ হিসেবে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভা জামে মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবায় মাদকবিরোধী বক্তব্য প্রদান ও নামাজ শেষে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ কর্মসূচি পরিচালিত হয় ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে। খুতবায় মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মাদককে পরিহার করার আহ্বান জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুসল্লি বলেন, জুমার খুতবায় মাদকবিরোধী আলোচনা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তারা মনে করেন, ধর্মীয় স্থান থেকে এ ধরনের সচেতনতা তৈরি হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দারাও ডিএনসি বগুড়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সমাজের সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

মাদকবিরোধী লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জানতে চাইলে উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের অন্তরে দায়িত্ববোধ জাগ্রত করতে চাই।”

তিনি আরও জানান, ডিএনসি বগুড়া নিয়মিতভাবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd