নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে শহরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বগুড়া সদর থানাধীন পুলিশ প্লাজা শপিং মল এলাকায় আগত ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে ডিএনসি’র কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এসময় লিফলেটে মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি, এবং আইনগত শাস্তির বিষয়গুলো তুলে ধরা হয়। উপস্থিত সাধারণ মানুষকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জনসমাগমস্থলে এ ধরনের প্রচারণা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে আইনগত অভিযানের পাশাপাশি সচেতনতা কার্যক্রমও সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যাওয়া হবে।
যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও এর প্রতিরোধ সম্ভব। তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, ডিএনসি বগুড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।