নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রবিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মতবিনিময় সভায় উপদেষ্টা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশকে ভালোবাসলে কাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা তার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের কার্যকারিতা যাচাইয়ের জন্য ফিজিবিলিটি স্টাডি করা হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রকল্পের সফলতা ও বাস্তব ফলাফলের ওপর ভিত্তি করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দায়িত্ব পালনের পাশাপাশি কাজের প্রক্রিয়া কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সে বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্রকল্পের অর্জন ও সফলতা তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন উপদেষ্টা।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘ সাত বছরের কোনো প্রকল্প যদি প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়, তাহলে সেই প্রকল্প অব্যাহত রাখার যৌক্তিকতা থাকে না। রাষ্ট্রীয় অর্থের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে তরুণ সমাজ অনেক ভালো কাজ করছে এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশ আরও এগিয়ে যাবে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলমগীর, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’-এর আওতায় সারাদেশে মোট ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।