নিজস্ব প্রতিবেদক: তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, জুলাই গণ-আন্দোলনের যোদ্ধা ও আহতরা বর্তমানে বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে আগ্রহী। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন টেকনিক্যাল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর তরুণদের নিয়ে কাজ করছে, তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে যুক্ত করতে উৎসাহিত ও সহায়তা করছে।
তিনি বলেন, জুলাইযোদ্ধাদের দক্ষ মানবসম্পদে পরিণত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। সরকারিভাবে একটি স্পষ্ট নির্দেশনা রয়েছে—তারা যদি কোনো প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্ষুদ্রঋণ কিংবা অন্যান্য উপায়ে তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তুলতে তথ্যভিত্তিক আলোচনা ও প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নমুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।