1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বিএনপি মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিএনপি মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবশেষে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দুই মনোনয়ন বঞ্চিত। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

জানা যায়, বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর মধ্যে বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি সাবেক ছাত্রনেতা মাসুদ উপস্থিত থাকলেও আব্দুল সালাম তুহিনের পক্ষে তার সমর্থকরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী এই আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় মনোনয়ন ফরম সংগ্রহের কথা জানান এই দুই বিএনপি নেতা।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, আমিনুল ইসলাম যিনি দল থেকে সাময়িক মনোনয়ন পেয়েছেন তিনি বিগত সংসদ নির্বাচনের পরে বেশিরভাগ সময় নিজ উপজেলায় না থেকে ঢাকায় অবস্থান করেন। স্থানীয় নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ রাখেননা। এমনকি তিন উপজেলায় তার দ্বারা তেসন কোন উন্নয়ন সাধিত হয়নি। আর তাই প্রার্থী পরিবর্তনের জন্য কেন্দ্রে জানানো সহ স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন করেছে। তাই আশা করা যায় দলের প্রার্থী পরিবর্তন হতে পারে। দুই এক দিনের মধ্যেই ফলাফল আসতে পারে। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি তৃণমূলের কর্মী-সমর্থক ও এইসব উপজেলার মানুষের উন্নয়নের কথা ভেবে দল সঠিক সিদ্ধান্ত নেবে।

বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, দলের মহাসচিব ঘোষণা দিয়েছেন এটি চুড়ান্ত মনোনয়ন নয়। দল একজনকে মনোনয়ন দিলেও তৃণমূলের নেতাকর্মীরা তাকে চাই না। এ নিয়ে তীব্র আন্দোলন হয়েছে ও হচ্ছে। আশা করি মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় ২৯ ডিসেম্বরের আগেই দল এ নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং আমাকে মনোনয়ন দেবেন।

তবে দল যদি সিদ্ধান্ত পফরবর্তণ না করে তাহলে কি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নে তারা বলেন পরের বিষয় পরে ভাবা যাবে।

উল্লেখ্য, মনোনয়ন বঞ্চিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ করছেন। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের প্রার্থী বদলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একাট্টা হয়ে অন্তত ১২ বার মশাল মিছিল, মতবিনিময়, আলোচনা সভা এবং রেলপথ অবরোধ করে কেন্দ্রের দৃষ্টিগোচর হবার চেষ্টা করেছেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর সোমবার নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমিনুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd