1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির জনসচেতনতামূলক উদ্যোগ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির জনসচেতনতামূলক উদ্যোগ

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আদমদিঘী থানাধীন সান্তাহার রেল জংশনে রেল জংশনে অবস্থানরত যাত্রী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ডিএনসির সদস্যরা।

পাশাপাশি মাদক সেবনের ভয়াবহ পরিণতি, পারিবারিক বিপর্যয় এবং সামাজিক ক্ষতির বিষয়গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন ডিএনসি কর্মকর্তারা।

কর্মসূচির বিষয় জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়—একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়; এতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন,“সান্তাহার রেল জংশনের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে মাদকের কুফল সম্পর্কে জানাতে চাই। কেউ যেন অজান্তে বা কৌতূহলবশত মাদকের পথে না জড়ায়—সেই লক্ষ্যেই ডিএনসির এই উদ্যোগ।”

উপপরিচালক জিললুর রহমান দৃঢ় কণ্ঠে জানান,
“ডিএনসি বগুড়া মাদককারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূল কোনো অসম্ভব কাজ নয়।”

অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে বলেন, মাদক অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। যুবসমাজকে রক্ষা করতে এখনই পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সন্দেহজনক মাদক কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচি চলাকালে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই ডিএনসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd