নিজস্ব প্রতিবেদক: সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপণ আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় বিজ্ঞান ক্লাবসমূহের অংশগ্রহণে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সচেতনতা ও জনমত গড়ে তোলার লক্ষ্যে মাঠ পর্যায়ে স্কুল ক্যাম্পেইন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিটি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে উক্ত প্রতিপাদ্যের ওপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পানির অপচয় রোধে করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। বক্তৃতা পর্বে বিচারকমণ্ডলী অংশগ্রহণকারীদের বক্তব্য মূল্যায়ন করেন।
বক্তৃতা পর্ব শেষে অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবের সদস্য, শিক্ষকবৃন্দ ও অতিথিরা একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাবাড়ী কলেজ ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।
এছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন বিজ্ঞান ক্লাব জলবায়ু পরিবর্তন বিষয়ক দেয়াল পত্রিকা প্রদর্শন করে। অতিথি ও অংশগ্রহণকারীরা দেয়াল পত্রিকার কর্ণার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও পরিবেশবান্ধব বার্তাকে সাধুবাদ জানান।
পুরস্কার বিতরণী ও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম, সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো: সারওয়ার-ই-কামাল, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম, গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো: আব্দুল বারী। আলোচনা শেষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ইউরেকা বিজ্ঞান ক্লাবের সভাপতি নুরী রায়তা প্রাপ্তি।
অনুষ্ঠানে সিসিবিভিওর প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন, যোগাযোগ ও অধিপরামর্শ ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা, সমাজ সংগঠক মানিক এক্কা, ভবেশ লাকড়া ও ইমরুল সাদাত মিলন।