চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শিবগঞ্জে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারা দেশে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ কার্ডিওভাসকুলার ডিজিজজনিত মৃত্যুহার প্রায় ৩৭ শতাংশ। একই সঙ্গে মোট অকাল মৃত্যুর প্রায় ১৯ শতাংশের জন্যও এসব অসংক্রামক রোগ দায়ী।
এই পরিস্থিতির উন্নয়নে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নার চালু করেছে বলে জানান বক্তারা। এনসিডি কর্নার থেকে সিমপল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত করে এনসিডি কর্নার থেকে প্রয়োজনীয় সেবা প্রদানের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।
কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা এবং স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫৬টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।