1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহী বিমানবন্দরে ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা মহড়া - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

রাজশাহী বিমানবন্দরে ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা মহড়া

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৫’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় আয়োজিত এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন বেসবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মহড়ার পরিকল্পনায় দেখানো হয়- যশোর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করেন। রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ১২টি সংস্থা যৌথভাবে জরুরি প্রতিক্রিয়া পরিচালনা করে।

মহড়ায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে বেসবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘সকল সংস্থা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।’’

তিনি বলেন, নিয়মিত মহড়া আন্তঃসংস্থার সমন্বয় জোরদার করে এবং দুর্বলতা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব। এ সময় তিনি গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিরাপত্তা বজায় রাখার অভিজ্ঞতা তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানের কমান্ডার ছিলেন, বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন এবং চিফ কো-অর্ডিনেটর ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর আসিফ ইকবাল। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী প্রতি দুই বছরে একবার এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। শাহ মখদুম বিমানবন্দর থেকে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইনস ও বাংলাদেশ বিমান বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। বিভিন্ন সন্ত্রাসী হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd