1. admin@dainikrajshahirkhobor.com : admin :
গোঁসাই আশ্রমে বট বৃক্ষ তলে নারীদের সন্তানের আশায় আচল পেতে মানত - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

গোঁসাই আশ্রমে বট বৃক্ষ তলে নারীদের সন্তানের আশায় আচল পেতে মানত

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরের শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই সৎসঙ্গ সেবা আশ্রমে নবান্ন উৎসব ঘিরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নিঃসন্তান নারীদের মানত করা নিয়ে উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে ভিড় জমতে থাকে নিঃসন্তান নারীদের। দূর-দূরান্ত থেকে আসা নারীরা স্নান শেষে ভেজা কাপড়ে শতবর্ষী বটগাছের নীচে আসন পেতে রঙিন শাড়ির আঁচল মেলে রাখেন। তাদের বিশ্বাস – পূজার সময় গাছের কোনো পাতা বা ফল আঁচলে পড়লে সন্তান প্রাপ্তির লক্ষণ মিলবে। পুরো সময় তাদের সহযোগিতায় ব্যস্ত ছিলেন এক নারী বৈষ্ণব।

বগুড়া থেকে আসা এক নারী জানান, সাত বছর ধরে মা হতে পারেননি তিনি। চিকিৎসায় ফল না পাওয়ায় তিনি আশ্রমে এসেছেন। পরিচিত এক নারীর অভিজ্ঞতা থেকেই তার এখানে আসার অনুপ্রেরণা। আরেক ভক্ত বলেন, লোকমুখে এই মানতের কথা শুনেই তিনি সন্তান প্রার্থনায় এসেছেন। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর থেকে আসা আরেক নারী বলেন, আমার বাড়ির পাশের দুই নারী এখানে মানত করে সন্তান লাভ করেছেন। তাই তিনিও এসেছেন সন্তানের আশায়। আশ্রমের প্রধান সেবাইত শ্রী পরমানন্দ সাধু বলেন, নবান্নকে কেন্দ্র করে প্রতি বছর মানত করতে অনেক নারী এখানে আসেন। নিঃসন্তান নারীরা প্রথমে স্নান করে অক্ষয় বটমূলে বসে দ্বিতীয়া তিথিতে সন্তান লাভের আশায় প্রার্থনা করেন। প্রার্থনার সময় আঁচলে ফল বা পাতা পড়লে আমাদের নিয়ম অনুযায়ী সেটা তিনদিন খাওয়াতে হয়। নিয়ম অনুযায়ী খেলে অনেকে সন্তান লাভ করেন। পরে তারা মানত অনুযায়ী আশ্রমে বিভিন্ন জিনিস দিয়ে যান।

তবে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, “এভাবে মানত করা বা বসে থাকার সঙ্গে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এটি চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অগ্রহণযোগ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd