1. admin@dainikrajshahirkhobor.com : admin :
পাঁচদফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

পাঁচদফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নগরের গণকপাড়া মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার অতিক্রম করে আবারও গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে ‘বিপ্লব-পরবর্তী রাজনৈতিক কাঠামো’ নির্ধারণ করে নির্বাচন আয়োজন করতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণতন্ত্রকে সুসংহত করবে এবং একদলীয় শাসনব্যবস্থা বন্ধ করে দেবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বক্তারা বলেন, কোনো প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ছাত্র-জনতার আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। তাঁদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চাইছে। নির্বাচন এলেই ধর্মের লেবাজ ধরে তারা রাজনৈতিক সুবিধা নিতে চায়। জনগণ ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে বুঝতে পেরে তারা এখন মসজিদে হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd