নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। এরই অংশ হিসেবে ডিএনসি বগুড়ার উদ্যোগে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন জামিল নগর এলাকায় মাদকবিরোধী টহল ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ডিএনসির সদস্যরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের তত্বাবধানে
সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একইসঙ্গে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে তা গোপনীয়ভাবে ডিএনসিকে জানানোর আহ্বান জানান তিনি।
ডিএনসি সূত্র জানায়, বগুড়া জেলায় মাদকবিরোধী টহল, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।