1. admin@dainikrajshahirkhobor.com : admin :
পাথর বোঝাই ট্রাকে গাঁজা পাচার, রংপুর-বগুড়া ডিএনসির ধাওয়া শেষে গ্রেফতার ২ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

পাথর বোঝাই ট্রাকে গাঁজা পাচার, রংপুর-বগুড়া ডিএনসির ধাওয়া শেষে গ্রেফতার ২

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পাথর বোঝাই ট্রাকের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রংপুর ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে ৩৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে এ অভিযানে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাককে ধাওয়া করে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল এলাকায় আটক করা হয়। ঘটনাস্থলটি রহবল এলাকায় জনৈক হাজ্ব আব্দুল কাদের সুমনের ইটভাটার পশ্চিম পাশে মহাসড়কের পূর্ব পার্শ্বে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফরের নেতৃত্বে এবং বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে একটি বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন ট্রাকটি রংপুর থেকে অনুসরণ করে বগুড়ার শিবগঞ্জে পৌঁছে আটক করা হয়।

তল্লাশিকালে ট্রাক থেকে ৩৭ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকে থাকা ৬৫৮ সিএফটি পাথর জব্দ করা হয়, যা মাদকের চালান আড়াল করার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আসামিদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন তুষভান্ডার ইউপির এক নং ওয়ার্ডের কাশিরাম এলাকার বাচ্চু মিয়ার ছেলে লিপু মিয়া (৩২) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন একই এলাকার নুর উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামি (১৯)।

ডিএনসি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিচালক মো. আবু জাফর।

অভিযানটি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তিনি বলেন, “মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করছে। তবে ডিএনসি সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি কর্মকর্তারা জানান, রংপুর-বগুড়া রুটে মাদক পরিবহনের একটি সক্রিয় চক্র রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd