নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক বিপণন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযান চলাকালে বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিন তদারকি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা, বৈধ ক্রয় রশিদ সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মনিটরিংকালে কিছু প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনে অনিয়ম ও ক্রয় রশিদ সংরক্ষণে ঘাটতি লক্ষ্য করা গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয় এবং দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি কিংবা ভেজাল পণ্যের বিস্তার রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভোক্তাদের কাছ থেকেও কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানান তিনি।
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং অযাচিত মূল্যবৃদ্ধি ও প্রতারণা কমে আসবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের মনিটরিং অভিযান পরিচালনা করা হবে।