নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কাহালু থানাধীন ছোট কাশিমালা গ্রাম থেকে পারভেজ হাসান (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, নিজ দখলীয় বাড়ির মাটির দেয়াল ও টিনের চৌচালা দক্ষিণমুখী দুই কক্ষবিশিষ্ট ঘরের পূর্ব পাশের শয়নকক্ষে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসামির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ট্যাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ১৪০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা এবং তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি itel ব্র্যান্ডের পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।
আটক পারভেজ হাসান বগুড়া জেলার কাহালু থানাধীন
ছোট কাশিমালা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহারযোগ্য ওষুধ, যা অবৈধভাবে বিক্রি ও সেবন সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।