1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক আটক - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক আটক

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়া জেলার গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রায়হান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রানীরপাড়া এলাকার বাসিন্দা।

ডিএনসি সূত্র জানায়, সংস্থাটির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালে টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যে কোনো ধরনের মাদক সেবন বা বহনের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “টাপেন্টাডলসহ বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগের অপব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। বগুড়াকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী অভিযানে স্থানীয় প্রশাসনের এমন সক্রিয়তা জনমনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd