নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেল।
ডিএনসি জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদমদীঘী থানাধীন উপর পৌঁওতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওয়াসিম আলী নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানকালে আসামির চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ির পশ্চিম দুয়ারী দক্ষিণ পার্শ্বের শয়নকক্ষে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে একটি হলুদ রঙের সিনথেটিক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ট্যাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ৩০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া একটি নকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিমসহ) আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ওয়াসিম আলী (৪৬) আদমাদীঘি থানাধীন উপর পৌঁওতা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ হলেও এটি অপব্যবহারের মাধ্যমে মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে। লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এ ধরনের ওষুধ মজুদ, বহন বা বিক্রি সম্পূর্ণ বেআইনি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ডিএনসি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও বলেন, “গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারা চিকিৎসা ব্যবস্থার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”