নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। অভিযানে তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ) দুপুরে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকসহ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জিহাদ হোসেন (২৫), মো. আশরাফুল আলম (৩৫), মো. মঞ্জু মিয়া (৩৫), মো. ফেরদৌস (২৩), মো. আলমগীর হোসেন (২৬) ও মো. খলিল প্রামাণিক (৫০)।
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের মধ্যে ৩ জনকে ১০ দিন, ১ জনকে ৭ দিন, ১ জনকে ৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে মোট অর্থদণ্ডও আরোপ করা হয়। অভিযানের শেষে ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও সফলতা আসবে।”