নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মোঃ রঞ্জু প্রামানিক (৩৪) ও মোঃ সাব্বির (২৬) নামে দুই জনকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দুই আসামীকে প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন,“মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং আইনের শাসন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি। কেউ যেন মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়াতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”
ডিএনসি ও জেলা প্রশাসনের সমন্বিত এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।