নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাবতলী উপজেলার নিশিন্দারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি নিশিন্দারা এলাকার বাসিন্দা এবং মো. নজরুল ইসলামের ছেলে।
এদিন ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। আদালত আসামিকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলারউপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হয়ে সহযোগিতার আহ্বান জানান।