নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সোনাতলা উপজেলার শাহবাসপুর ও সোনাতলা বন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম গাঁজা ও ৩ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার সোনাতলা থানাধীন বিষুরপাড়া এলাকার মোকলেছার রহমানের ছেলে মিজানুর রহমান (২২), একই থানাধীন সোনাতলা বন্দর এলাকার মৃত সুনীল বাঁশফোড়ের ছেলে সোহেল বাঁশফোড় (৪৭)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১নং আসামি মিজানুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২নং আসামি শ্রী সোহেল বাঁশফোড়কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন,
“মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“বগুড়া জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।