নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী জনসচেতনতা আরও জোরদার করতে বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশনে স্থাপিত মাদকবিরোধী স্লোগানসম্বলিত বিলবোর্ডে নতুন করে স্টিকার সংযোজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) ডিএনসি বগুড়ার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে রেলস্টেশনে যাতায়াতকারী যাত্রী, স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজের মাঝে মাদকবিরোধী বার্তা আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়। নতুন সংযোজিত স্টিকারগুলোতে মাদকের ক্ষতিকর দিক, সামাজিক অবক্ষয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদক শুধু ব্যক্তি নয়—পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্থানগুলোতে এমন বার্তামূলক বিলবোর্ড ও স্টিকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী প্রচারণা আরও বিস্তৃত করা হবে, যাতে সর্বস্তরের মানুষ মাদকবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ হন।