নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার (৪ জানুয়ারি) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে তাদের গ্রেফতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নওগাঁ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অপরদিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ১০ পিস এবং নিয়মিত মামলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মহোদেবপুর স্কুলপাড়া এলাকার শ্রী গোপাল চন্দ্র রায়ের ছেলে শ্রী অমিত কুমার রায় (৩৪), জেলার মহোদেবপুর থানাধীন দক্ষিণ হোসেনপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা বুলেট (৩৪) ও মহোদেবপুর থানাধীন কলোনীপাড়া এলাকার মৃত কাওছার আলীর ছেলে কাইয়ুম খাঁ (৩৭)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে নওগাঁকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।