নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একাধিক মাদক মামলার অভিযুক্ত মো. শহিদুল ইসলাম বাবু ওরফে ‘ডাব বাবু’ (৪৩) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
রবিবার (৪ জানুয়ারি) বিকালে বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী রেল কলোনী এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ‘ডাব বাবুর’ বসতবাড়ি ও দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বাবু ওরফে ডাব বাবু
বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী রেল কলোনীর মৃত আক্কেল আলীর ছেলে। তিনি একাধিক মাদক মামলার অভিযুক্ত বলে জানিয়েছে ডিএনসি সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা প্রমাণ করে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।