নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের অভিযানে কম্বলের ভেতরে লুকিয়ে পাচারের সময় ২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামে রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় হরিপুর (ঠাকুরগাঁও) থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে।
এসময় বাসটির ভিতরে থাকা দুই মাদক কারবারিকে তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি নীল-কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতরে দুটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় ফেন্সিডিলের ২৫ বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আই হাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে
আব্দুল মালেক (৪৫) ও একই গ্রামের আজাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধপরিকর। কোনোভাবেই মাদক পাচারকারীদের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।