1. admin@dainikrajshahirkhobor.com : admin :
তরুণদের মাদকমুক্ত রাখতে নওগাঁয় মাসব্যাপী ক্রিকেট যুদ্ধ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

তরুণদের মাদকমুক্ত রাখতে নওগাঁয় মাসব্যাপী ক্রিকেট যুদ্ধ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁয় মাসব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী আয়োজিত এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত ২৮ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল এবং ৩১ ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে গতকাল শনিবার (৩ জানুয়ারি) নওগাঁ এটিএম মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে আরাফাত রহমান কোকো ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আনিকা ক্রিকেট টিম রানার্সআপ হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি এ ধরনের মাদকবিরোধী টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন বলেন, মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তিনি মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে দর্শকদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহারবিরোধী স্লোগান সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের সচেতনতামূলক ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd