নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে সাতটার দিকে চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জীবন বিশ্বাস ওরফে সেলিম চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মৌগাছি পূর্বপাড়া এলাকায় দুইজন মাদককারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় জীবন বিশ্বাসকে আটক করা হলেও তার সহযোগী মোঃ ইউনুস আলী ওরফে ডাক্তার পালিয়ে যান।
আটকের পর জীবন বিশ্বাসের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ৫০ গ্রাম হেরোইন এবং নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকের ভেতর থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।